আনোয়ারায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এমপি নিজামের ‘জিরো টলারেন্স’ ঘোষণা

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, বিগত আওয়ামী সরকারের কিছু লোকজন ও আমাদের দলের নাম ভাঙিয়ে কিছু লোকজন থানা পুলিশকে ম্যানেজ করে চাঁদাবাজি, মাদক করবার করে আসছে। এসব কাজ বন্ধ করতে হবে। প্রশাসনকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে প্রথম আইনশৃঙ্খলা মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় আনোয়ারায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষনা করেন তিনি।

সরওয়ার জামাল নিজাম বলেন, সম্প্রতি সময় আনোয়ারার মাঝিমাল্লারা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুর হামলায় শিকার হচ্ছে। এসব জলদস্যুদের চিহ্নিত করতে হবে। নিরাপদে মাছ ধরতে যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা করার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, আনোয়ারায় অবৈধভাবে মাটি কাটা ও শঙ্খ নদী থেকে বালু উত্তোলনের কারণে রাস্তাঘাটসহ বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে। এসব ব্যবসা বন্ধ করতে কঠোর নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এই আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা, থানা অফিসার ইনচার্জ ওসি জুনায়েত চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহতাবউদ্দিন ও সিপ্লাসটিভির আনোয়ারা প্রতিনিধি রেজাউল করিম সাজ্জাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top