আনোয়ারায় লাশ দাফনে বাধা, হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে লাশ দাফনের জন্য কবর খননে বাধা দেওয়া ও হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. নুরুল ইসলাম (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া নুরুল ইসলাম উপজেলার বরুমচড়া ইউনিয়নের দইয়্যা মাঝির বাড়ির মৃত আবদুর রহমানের ছেলে।

মামলার এজহার সূত্রে জানা যায়, বরুমচড়া ইউনিয়নের দইয়্যা মাঝির বাড়ির মৃত নজির আহমেদের ছেলে হাজী মনির আহমেদ গত ১৯ জুন রাতে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন ২০ জুন সকাল সাড়ে ৫টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য কবর খনন করতে গেলে নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা ওই জায়গার মালিকানা দাবি করে বাধা দেন। এ সময় বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তারা মনির আহমেদের পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় মনির আহমেদের মেয়ে নার্গিস আক্তার (৪০) গুরুতর আহত হন।

এ ঘটনায় গত ২৩ জুন আহত নার্গিস আক্তারের ভাই মোহাম্মদ ওসমান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, পারিবারিক কবরস্থানে কবর খননকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযান চালিয়ে প্রধান আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top