আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ সুমি আক্তার (১৯) ও তার দুই বছরের কন্যাশিশু ওয়াজিহা আক্তারের লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে নিহত সুমি আক্তারের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে আনোয়ারা থানায় এ মামলা দায়ের করেন। মামলায় সুমি আক্তারের স্বামী মো. মিজান ও শাশুড়ি রিজিয়া বেগমকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ স্বামী মো. মিজানকে গ্রেপ্তার করেছে। তবে শাশুড়ি রিজিয়া বেগম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
মামলার বাদী নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে আমার বোন ও ভাগনীর দাফন সম্পন্ন করা হয়েছে। আমার বোন ও তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে আমরা মনে করি। এজন্য স্বামী ও শাশুড়িকে আসামি করে মামলা করেছি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, নিহতের ভাই বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত স্বামীকে আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে বৈরাগ ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের নিজ বসতঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





