আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল বসতঘর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে আশপাশের আরও কয়েকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের পুরাতন মাদরাসা বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. আবুল কামাল, তিনি ওই এলাকার মৃত সোলায়মানের ছেলে। এছাড়া পার্শ্ববর্তী আবছারের ঘরও আংশিকভাবে পুড়ে যায়।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে টিনের চাল খুলে পাইপ ও বালতির সাহায্যে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আব্দুল্লাহ জানান, সকাল ৬টা ৫ মিনিটে খবর পেয়ে ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান তারা। তবে তার আগেই স্থানীয়রা আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top