আনোয়ারায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৬

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতরা সবাই মোমবাতি প্রতীকের সমর্থক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বাইরে উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৪০ জনের একটি দল এসে মোমবাতি প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আহত হয়েছেন- আছিফ, শাহদাত, মুনতাছির, আরিফ, রুবেল ও একরাম। আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত একরাম বলেন, আমি কেন এখানে এসেছি, এই কথা বলে আমাকে পায়ে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। এখন ঠিকমতো হাঁটতেও পারছি না। হামলাকারীরা সবাই বহিরাগত ছিল।

স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট লোকমান শাহ বলেন, আওয়ামী লীগের কর্মীদের প্রতিহত করতে গিয়ে জামায়াত ও সুন্নী জোটের প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি অনিচ্ছাকৃত।

তবে স্থানীয় কয়েকজনের দাবি, বাইরে থেকে লোক এনে ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটকেন্দ্রের আশপাশে ছিলেন না।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ভোটকেন্দ্র থেকে নির্ধারিত দূরত্বের মধ্যে ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অবস্থান করছেন।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top