আনোয়ারায় তালা কেটে ৩ গরু নিয়ে গেল চোরচক্র

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক রাতে দুই পরিবারের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া এসব গরুর আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বারশত ইউনিয়নের মিন্নত আলী দোভাষীর হাট এলাকার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন স্থানীয় কামলা উদ্দিন ও একই এলাকার মোহাম্মদ আইয়ুব।

ঘটনার বিষয়ে কামলা উদ্দিনের ছেলে মোহাম্মদ ফোরকান জানান, রাতের খাবার শেষে প্রতিদিনের মতো গোয়ালঘরে তালা দিয়ে তিনি ঘুমাতে যান। ভোরের দিকে পাশের বাড়িতে একটি গরু চুরির খবর শুনে তিনি নিজের গোয়ালঘরে গিয়ে দেখেন দরজা ভাঙা এবং তালা কাটা। পরে তিনি নিশ্চিত হন, তাদের দুটি গরুও চুরি হয়ে গেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুশ্চিন্তায় পড়েছেন এবং দ্রুত চোরদের শনাক্ত করে গরু উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top