আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একটি সক্রিয় গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মোহাম্মদ ইমন (২৪), মো. রায়হান রানা (২৩), মোহাম্মদ হেলাল (৩০), মো. মাসুদ (২২) ও মোহাম্মদ মিনহাজ (২০)। তারা সবাই আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১০ থেকে ১৫ জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সম্রাটের বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি তলোয়ার, দুটি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধভাবে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আরও ১০-১৫ জনকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






