আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুমি আক্তার (২৮) ও তার দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিহা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক এলাকায় দেয়াং বাজার সরকারি আশ্রয় প্রকল্পের একটি গুচ্ছগ্রামের বসতবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করলে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত সুমির স্বামী মোহাম্মদ মিজান (২৫)। তাদের গ্রামের বাড়ি কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায়।
নিহতের বড় বোন বেবি আক্তার অভিযোগ করে বলেন, আমার বোন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করা হচ্ছিল।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





