আনোয়ারা প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে যৌথবাহিনীর অভিযানে আনোয়ারা উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনকে আটক করা হয়েছে। এ সময় সন্দেহজনকভাবে আরও ৬ জনকে আটক করা হয়।
(১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বরুমচড়া ১ নম্বর ওয়ার্ডের সাহাব মিয়া মেম্বারের বাড়ির নিজ বাসা থেকে ২৮ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত সালাউদ্দিন সুমন একই এলাকার মোহাম্মদ মিয়া মাস্টারের পুত্র। তিনি দক্ষিণ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম-১৩ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে কৃষকদলের কমিটির দায়িত্বে ছিলেন।
এর আগে সালাউদ্দিন সুমনের ইয়াবা সেবনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, রাতে ২৮ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। এছাড়া আরও ৬ জনকে সন্দেহজনকভাবে আটক করে থানায় সোপর্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





