আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে একটি মিষ্টির কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে উৎপাদিত মিষ্টির মধ্যে পোকাও পাওয়া যায়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সৈয়দকুচাইয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানে ‘রাহি মিষ্টি মহল’ নামের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের বিষয়টি ধরা পড়ে। এ সময় উৎপাদিত মিষ্টির মধ্যে পোকা থাকার বিষয়টিও নজরে আসে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় কারখানাটির মালিক মো. শুক্কুর (৪২)-কে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে আনোয়ারা উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





