চাটগাঁ নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার দিবাগত রাত পবিত্র শবেবরাত। হিজরি সনের ১৪ শাবান রাত লাইলাতুল মুবারাকা বা বরকতময় এক পবিত্র রজনি। মহান আল্লাহ রব্বুল আলামিন এ রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন এ রাতে মানুষের জন্ম-মৃত্যু ও আমল অনুযায়ী তাদের ভাগ্য নির্ধারণ করা হয়।
তাই মুসলিম বিশ্বে পবিত্র এ রাতটি সৌভাগ্য রজনি হিসেবে পালিত হয়ে থাকে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও মহান আল্লাহর রহমত, বরকত ও সন্তুষ্টিলাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকারসহ বিভিন্ন ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি পালন করে থাকেন।
পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে তিনি পবিত্র শবেবরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা অর্জন করতে পারি আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফিরাত।’
এ রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এই রাতে মুসল্লীরা নফল ইবাদত ও জিকির আযকারের মাধ্যমে কাটাবে। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অনুরূপ আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষ্যে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সমপ্রচার করবে।
এ রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত–বন্দেগির মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন।
আনজুমান ট্রাস্ট:
আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় নগরীর পশ্চিম ষোলশহরস্থ দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে যথাযোগ্য মর্যাদা সহকারে বা’দ নামাজে এশা জামাত সহকারে নফল নামাজ আদায়, তাক্বরীর, পবিত্র শাজরা শরীফ পাঠ, মিলাদ–মাহফিল, সালাত–সালাম শেষে আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। এতে শরীক হয়ে আল্লাহর সন্তুষ্টি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাশায়েখ হযরাতে কেরামের রেজামন্দী হাসিলের জন্য উম্মতে মুহাম্মদী ও সর্বস্তরের আশেকানদের অনুরোধ জানিয়েছেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন এবং জামেয়া মসজিদের মোতোয়াল্লী মোহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী।
কাগতিয়া দরবার:
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে আজ দিন–রাতব্যাপী পবিত্র শবে বরাত মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে– বাদে যোহর : খতমে কোরআন শরীফ ও খতমে তাহলিল শরীফ। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। পবিত্র শবে বরাত শীর্ষক আলোচনা ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর জীবনী শীর্ষক আলোচনা। বাদে নামাজে আসর : কোরআন বিতরণ, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। বাদে নামাজে মাগরিব : ফাতেহা শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা। সিনা–ব–সিনা তাওয়াজ্জুহ্র মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাতেনী নূর মোবারক বিতরণ। রওজা পাক জেয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।
কাবলে নামাজে এশা : তাবারুক বিতরণ, জিকিরে গাউছুল আজম মোর্শেদী। এশার জামাত অনুষ্ঠিত হবে রাত সাড়ে ১০ টায়। বাদে নামাজে এশা : মোর্শেদে আজম মাদ্দাজিলুহুল আলীর নূরানি তাক্বরির মোবারক, মিলাদ শরীফ, কিয়াম ও আখেরি মোনাজাত।
চট্টগ্রাম দরবার:
আজ পবিত্র শবে বরাত উপলক্ষে চট্টগ্রাম দরবার শরীফে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র এই রজনীতে চট্টগ্রাম দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা ছৈয়দ আবদুল মালেক শাহ (ক.) এর মাজারে বিকেল থেকে জিকির–আজকার, সালাত–সালাম, দরুদ–কিয়াম ও ছেমা মাহফিলের আয়োজন করা হয়েছে। রাতে আশেক–ভক্তদের উদ্দেশে বক্তব্য দেবেন, দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)।
চাটগাঁ নিউজ/এমকেএন





