চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
বুধবার সন্ধ্যা ৭টায় তার এ ভাষণ রাষ্ট্রীয়সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রচার করা হবে।
ইসি পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক জানান, ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর বাদে বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। দেশের ২৯৯টি আসনে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের ভোট পরে হবে।
বুধবার সকালে ঢাকায় এক অনুষ্ঠানে সিইসি নাসির উদ্দিন বলেছেন, আগামীকাল অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে আমি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় সামগ্রিক নিরাপত্তা ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচন পরিচালনার সব ধরনের ব্যবস্থাপনা চূড়ান্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পরে ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।
ইতোমধ্যে ভোটের সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সেগুলো ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





