আজ পবিত্র ঈদুল ফিতর

চাটগাঁ নিউজ ডেস্ক: এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর আজ শনিবার (২১ মার্চ) দেশজুড়ে উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রামসহ সারা দেশের লাখ লাখ মুসল্লি। বৈরী আবহাওয়ার শঙ্কা থাকলেও দেশের প্রতিটি বড় ময়দান ও মসজিদে সম্পন্ন হয়েছে জামাতের সকল আয়োজন।

এবার চট্টগ্রাম নগরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। এখানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল আটটায়। এতে ইমামতি করবেন মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে নয়টায়। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী। চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে আটটায় জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন জানান, প্রতিবছরের মতো এবারও ২০ থেকে ২৫ হাজার মুসল্লি প্রধান ঈদ জামাতে অংশ নেবেন। মুসল্লিদের কথা বিবেচনা করে দুটি ঈদ জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, চট্টগ্রামে প্রধান ঈদ জামাতের জন্য প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে এবং নিচে কার্পেটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এবার বৃষ্টির শঙ্কার কথা মাথায় রেখে ওপরে ত্রিপল দেওয়া হয়েছে, যাতে আবহাওয়া প্রতিকূল হলেও ঈদ জামাতে কোনো বিঘ্ন না ঘটে। এ ছাড়া প্রায় ২৫০টি পাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, ৫০টি মাইক রাখা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য তিনটি ফটক রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বিশেষ পদক্ষেপ নিয়েছে।

জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ছাড়া নগরের লালদীঘির পাড়ে চসিক শাহি জামে মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আরও কয়েকটি স্থানে জামাতের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে হজরত শেখ ফরিদ (রহ.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকার জামে মসজিদ, চকবাজার চসিক জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী আবাসিক এলাকার জামে মসজিদ, আরেফিননগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top