আচরণবিধি লঙ্ঘন: চট্টগ্রাম-১৩ আসনে ইসলামী ফ্রন্ট প্রার্থীকে শোকজ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম শাহজাহানের বিরুদ্ধে। এ অভিযোগের প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রার্থীর ঠিকানায় শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ শাহরিয়ার শামস।

নোটিশে বলা হয়, একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইনসানিয়াত বিপ্লব দলের রেজাউল কাওসারের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং মোড় এলাকায় আগে থেকে স্থাপিত নির্বাচনী ব্যানারের ওপর পরিকল্পিতভাবে ইসলামী ফ্রন্ট প্রার্থী শাহজাহানের মোমবাতি প্রতীকের একটি বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

অভিযোগের পক্ষে ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজ কমিটির কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

কমিটি জানায়, এ ধরনের কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৩ এবং বিধি ৭(ঘ) লঙ্ঘনের শামিল।

এ অবস্থায় আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় অবস্থিত সিনিয়র সিভিল জজ ৩য় আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রার্থীকে।

একই সঙ্গে নোটিশটি দ্রুত জারি করে এ সংক্রান্ত প্রতিবেদন কমিটির কার্যালয়ে পাঠাতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top