আগ্রাবাদের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান পোশাকের গায়ে দ্বৈত স্টিকার ব্যবহার করে কৃত্রিমভাবে দাম বাড়িয়ে বিক্রি করছে। এ অপরাধে ‘জেন্টেল পার্ক’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য প্রতিষ্ঠানের তৈরি পোশাক নিজেদের উৎপাদিত বলে বিক্রি করার অভিযোগে ‘শৈল্পিক’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় আরও দুটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ ও অননুমোদিত প্রসাধনী বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে ‘ইন্টার লিঙ্ক কসমেটিক’ এবং ‘আর বি কালেকশন’ নামের প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top