আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এর সাম্প্রতিক ভারত সফরকে ঘিরে দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সরকার। বিশেষ করে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসা চালুর বিষয়ে ভারত নীতিগত সম্মতি দিয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। তিনি বলেন, খুব দ্রুতই—সম্ভবত আগামী সপ্তাহের মধ্যেই—মেডিকেল ও বিজনেস ভিসা চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে।

তিনি আরও জানান, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে না পারেন, সে বিষয়ে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার বিষয়টি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এগিয়ে নেওয়া হবে।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই অভিযুক্ত ভারতে গ্রেপ্তার হয়েছে বলেও জানান তিনি। ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়েও আলোচনা চলছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কভুক্ত দেশগুলোর কোনো একটি দেশ সফর দিয়েই এ যাত্রা শুরু হতে পারে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সরকার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমর্থন থাকায় সরকার আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়লেও, ইতিবাচক মনোভাব বজায় থাকলে ভবিষ্যতে সম্পর্ক আরও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর সঙ্গে বৈঠককেও ফলপ্রসূ বলে উল্লেখ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top