আগামীকাল মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনার-অস্ট্রিয়া

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে দাপুটে জয়ে শিরোপাধারী আর্জেন্টিনা যেমন উড়ন্ত সূচনা করেছে, তেমনি জয় দিয়ে অভিযান শুরু করেছে অস্ট্রিয়াও। ‘জে’ গ্রুপের দুই জয়ী দল এবার মুখোমুখি হচ্ছে গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে। আগামীকাল যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দেয় আর্জেন্টিনা। সেই ম্যাচে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেন লিওনেল মেসি। অন্যদিকে, জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে অস্ট্রিয়া।

আগামীকালের ম্যাচে জয় পেলে শেষ ৩২ নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে যাবে আর্জেন্টিনা। একই দিনে জর্ডান যদি আলজেরিয়ার বিপক্ষে জয় না পায়, তাহলে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়ে যেতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের।

তবে অস্ট্রিয়াও সুযোগ হাতছাড়া করতে রাজি নয়। শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে পারলে এবং অন্য ম্যাচের ফল অনুকূলে থাকলে গ্রুপে বেশ সুবিধাজনক অবস্থানে চলে যাবে ইউরোপের দলটি।

স্বাভাবিকভাবেই ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা এই তারকাকে নিয়ে সতর্ক অস্ট্রিয়ার অধিনায়ক ও রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডেভিড আলাবা। তিনি বলেন, মেসি হ্যাটট্রিক দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে, যা সত্যিই অবিশ্বাস্য। আশা করি, আমাদের বিপক্ষে সে এমন কিছু করতে পারবে না।

তবে শুধু মেসিই নন, পুরো আর্জেন্টিনা দলকেই সমীহ করছেন আলাবা। তাঁর মতে, মেসির পাশাপাশি আর্জেন্টিনার স্কোয়াডে আরও অনেক মানসম্পন্ন ফুটবলার রয়েছেন, যারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

অন্যদিকে, সহজ জয় পেলেও অস্ট্রিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা শিবির। দলের সহকারী কোচ পাবলো আইমার মনে করেন, আলজেরিয়ার তুলনায় ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেবে অস্ট্রিয়া এবং বর্তমান বিশ্বকাপের প্রায় সব দলই বেশ শক্তিশালী।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস খুব বেশি সমৃদ্ধ নয়। সর্বশেষ ১৯৯০ সালে ভিয়েনায় দেখা হয়েছিল দুই দলের, যেখানে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এর এক দশক আগে ১৯৮০ সালে একই শহরে অস্ট্রিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেই আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের একমাত্র হ্যাটট্রিক করেছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

পরিসংখ্যানও কিছুটা এগিয়ে রাখছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে শেষ আট ম্যাচে মাত্র একবার হেরেছে দক্ষিণ আমেরিকার দলটি। অন্যদিকে, দক্ষিণ আমেরিকার দেশগুলোর বিপক্ষে দীর্ঘদিন ধরেই সুবিধা করতে পারছে না অস্ট্রিয়া। ১৯৮২ সালের পর থেকে এ অঞ্চলের প্রতিপক্ষদের বিপক্ষে ১০ ম্যাচে তাদের জয় মাত্র একটি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top