চাটগাঁ নিউজ ডেস্ক: আইন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার পরিকল্পনা এবং আইনি পেশায় ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘সেমিনার অন ল অ্যান্ড ক্যারিয়ার গাইডেন্স’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী কুটুমবাড়ি রেস্টুরেন্টের হলরুমে এ সেমিনারের আয়োজন করে তরুণ ও আইন শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘ল স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম’।
‘Exploring Opportunities, Building Skills & Achieving Success in the Legal Profession’—এই প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক আইন শিক্ষার্থী ও তরুণ আইনজীবী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত আইন গবেষক, ঢাকা ল কলেজের প্রভাষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক এস এম জহির উদ্দিন। তিনি জনপ্রিয় ‘প্যারামাউন্ট ল সিরিজ’ বইয়ের লেখক।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জহির উদ্দিন বলেন, আইন পেশায় সফল হতে হলে শুধু পুঁথিগত জ্ঞান অর্জন করলেই হবে না; এর পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, আইনি বিশ্লেষণ ক্ষমতা এবং আধুনিক বিশ্বের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করতে হবে।
তিনি আইন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বিভিন্ন বাস্তবমুখী কৌশল, সম্ভাবনা ও সুযোগের বিষয়ে দিকনির্দেশনা দেন। একই সঙ্গে আইনি পেশায় সফল হতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও নিয়মিত জ্ঞানচর্চার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এ ধরনের আয়োজন তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের পাশাপাশি আইনি পেশার বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে বাস্তব ধারণা পেতে সহায়তা করবে।
আয়োজক সংগঠন ‘ল স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম’-এর সভাপতি মাসুম চৌধুরী, সেক্রেটারি ইসমাইল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক মো. হান্নান, নির্বাহী সদস্য জাহিদ পলাশ, নূর মোহাম্মদ রাফি, আয়শা সিদ্দিকা, আয়শা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সেমিনারটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা জানান, তরুণ আইন শিক্ষার্থী ও নবীনদের দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও সময়োপযোগী উদ্যোগ অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






