চাটগাঁ নিউজ ডেস্ক : বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচার কার্যক্রমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনেই মামলার বাদী ও নিহত আলিফের বাবা জামাল উদ্দিন সাক্ষ্য দেন। এ সময় তিনি তার ছেলে আলিফ হত্যার ন্যায়বিচার দাবি করেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে মামলার বাদীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় তার আংশিক জেরাও সম্পন্ন হয়।
মামলার কারাগারে থাকা ২৩ আসামির মধ্যে ২২ জনকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে, ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে যুক্ত করা হয়।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম জানান, বাদীর সাক্ষ্যগ্রহণের পর আসামি অজয় দাশের পক্ষে রাষ্ট্রনিযুক্ত একজন আইনজীবী তাকে জেরা করেন। তবে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে তার আইনজীবী জেরার জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৮ ফেব্রুয়ারি।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, ‘সারা দেশের নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দেখার অপেক্ষায় আছে মানুষ। বাদীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া গতি পেয়েছে।
তবে আসামিপক্ষ সময়ের আবেদন করে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করছে, যা দুঃখজনক। আমরা দ্রুততম সময়ে ন্যায়বিচার প্রত্যাশা করছি।’
মামলার বাদী ও নিহত আইনজীবীর পিতা জামাল উদ্দিন বলেন, ‘আমি ছেলে হত্যার ন্যায়বিচার চাই। বিচার কার্যক্রমটি যেন দ্রুত শেষ হয়।’
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এরপর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
চাটগাঁ নিউজ/এসএ





