আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সশস্ত্র দুর্বৃত্তরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে পাঁচটি গরু, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৯ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার বারশত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য হরিপদ চৌধুরী বাবুলের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দীপক হাওলাদার মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দীপক হাওলাদার জানান, তিনি গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে হরিপদ চৌধুরী বাবুলের বাড়িতে কেয়ারটেকার হিসেবে পরিবার নিয়ে বসবাস করছেন। পাশাপাশি সেখানে একটি গবাদিপশুর খামার পরিচালনা করেন।
তার অভিযোগ, সোমবার গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দুর্বৃত্তের দল বাড়িতে হানা দেয়। এ সময় অস্ত্রের মুখে তার স্ত্রী, পরিবারের সদস্য এবং কর্মচারীদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখা হয়।
এরপর দুর্বৃত্তরা খামার থেকে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের পাঁচটি গরু নিয়ে যায়। পাশাপাশি তার স্ত্রীর তিন ভরি স্বর্ণালংকার এবং তার মায়ের বার্ষিক শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য জমানো এক লাখ টাকা লুট করে। এ ঘটনায় তার প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
দীপক হাওলাদার আরও জানান, চারজন সশস্ত্র ব্যক্তি ঘরের ভেতরে ঢুকে মূল্যবান জিনিসপত্র লুটপাট চালায়, আর অন্যরা বাইরে পাহারা দিয়ে গরুগুলো নিয়ে চলে যায়।
স্থানীয় ইউপি সদস্য বাবুল চৌধুরী বলেন, খামার থেকে গরুগুলো নিয়ে যাওয়ার পর ডাকাত দলের তিন সদস্য পুনরায় বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে তিনি জানতে পেরেছেন।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গরু চুরির অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন






