অল্প বৃষ্টিতেই অচল সোনারগাঁও–রাণীরহাট সড়ক

রাঙ্গুনিয়া প্রতিনিধি: সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও রাস্তার মাথা থেকে রাণীরহাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি। দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং তার ওপর মাটি ব্যবসায়ীদের বেপরোয়া দৌরাত্ম্যে সড়কটি এখন স্থানীয়দের জন্য এক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

শুধু এই সড়কই নয়, দক্ষিণ রাজানগর, রাজানগর ও ইসলামপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও একই চিত্র দেখা গেছে। চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের ইসলামপুর মগাইছড়ি এলাকাতেও সড়কের বেহাল অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সরেজমিনে সোনারগাঁও–রাণীরহাট সড়কে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই সড়কের উপর জমে থাকা মাটি গলে ঘন কাদায় পরিণত হচ্ছে। বিশেষ করে ড্রাম ট্রাক ও ট্রাক্টরে করে পাহাড় কিংবা ফসলি জমির মাটি পরিবহনের সময় সড়কে পড়ে থাকা মাটি বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে।

ফলে পথচারী তো বটেই, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চালকরাও প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাটি ব্যবসায়ীরা অবৈধভাবে বিভিন্ন স্থান থেকে মাটি কেটে ড্রাম ট্রাকে করে এই সড়ক দিয়ে পরিবহন করছে। ট্রাক থেকে ঝরে পড়া মাটি সড়কের পিচ ঢেকে ফেলছে। শুষ্ক মৌসুমে এই মাটি ধুলার সৃষ্টি করে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে, আর সামান্য বৃষ্টিতেই তা কাদার সমুদ্রে পরিণত হচ্ছে। ফলে সড়কটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে অনেকটা চাষের জমির মতো হয়ে গেছে।

ভুক্তভোগী বাসিন্দা সেকান্দর হোসেন বলেন, রাস্তাটি এখন আর রাস্তা নেই। মাটি ব্যবসায়ীদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রশাসনের চোখের সামনেই এই ধ্বংসযজ্ঞ চলছে।

আরেক বাসিন্দা মো. আবদুল আজিজ জানান, রাণীরহাট ও সোনারগাঁও এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম এই সড়কটি। কাদার কারণে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ায় জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগী পরিবহন করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, শুধু এই সড়ক নয়, পার্শ্ববর্তী ইসলামপুর ও রাজানগর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও একই অবস্থা বিরাজ করছে—কোথাও ধুলার রাজ্য, কোথাও কাদার নরক।

জনগুরুত্বপূর্ণ এই সড়ক দ্রুত সংস্কার, ফিটনেসবিহীন ড্রাম ট্রাক চলাচল বন্ধ এবং মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, নিয়মিত তদারকি নিশ্চিত করে দোষীদের জরিমানা ও শাস্তির আওতায় না আনলে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top