অভিযানের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরে অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে হাটহাজারী উপজেলার ধলইপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, কৃষিজমির টপ সয়েল কর্তনের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা পালিয়ে যায়। অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত একটি মোটরসাইকেলে করে মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবক আমাদের অবস্থান অনুসরণ করেন। সেই সঙ্গে অপরাধীদের তথ্য দিতে থাকেন। পরে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে অপরাধের বিষয়ে স্বীকারোক্তি প্রদান করেন।

কৃষি জমির টপ সয়েল কর্তনে সহায়তা করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০১০ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ওই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top