অবৈধ মজুত ২৪৮০ লিটার অকটেন জব্দ, লাখ টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের পতেঙ্গা থানার তালতলা এলাকায় অবৈধভাবে অকটেন মজুত করার অভিযোগে জয়নাল আবেদিন নামে এক ব্যবসায়ীকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ২ হাজার ৪৮০ লিটার অকটেন ।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে পতেঙ্গার তালতলা এলাকার ‘হাফেজ মোবারক আলী শাহ ট্রেডার্স’-এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা।

অভিযান সূত্রে জানা যায়, দোকানটির মালিক জয়নাল আবেদিনের প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ১১টি ড্রামে (প্রতি ড্রাম ২০০ লিটার) ও ১৪টি প্লাস্টিক জারে (প্রতি জার ২০ লিটার) মোট প্রায় ২ হাজার ৪৮০ লিটার অকটেন পাওয়া যায়। এসব জ্বালানি লাইসেন্স ছাড়াই মজুদ করা হয়েছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা বলেন, জয়নাল আবেদিন নিজেকে একাধিক বাণিজ্যিক স্পিডবোটের মালিক হিসেবে পরিচয় দিলেও অকটেন কেনার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তিনি অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এ ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা লঙ্ঘনের দায়ে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এছাড়া একই আইনের ২১(ক) ধারা অনুযায়ী মজুদকৃত অকটেন জব্দ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে এসব অকটেন নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top