চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধের তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে ইতোমধ্যে দেশের প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এসব টিম নিয়মিতভাবে তদারকি কার্যক্রম পরিচালনা করছে।
মন্ত্রণালয় আরও জানায়, অবৈধ মজুতদারি সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য প্রদানকারীদের জন্য শিগগিরই আনুষ্ঠানিক পুরস্কার ঘোষণা করা হবে। এ জন্য সচেতন নাগরিকদের অভিযোগ ও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, অবৈধ মজুত রোধে মাঠপর্যায়ে জোরদার অভিযানও শুরু হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার লিটার ডিজেলসহ ৩০টি ড্রাম জব্দ করা হয়েছে।
সরকার বলছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থা কঠোর নজরদারিতে রয়েছে।
দেশের তেল ডিপো, পেট্রল পাম্প ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কার্যক্রমও নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





