সীতাকুণ্ড প্রতিনিধি: ‘তেল নেই’—এমন অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম।
শনিবার (২৮ মার্চ) সকাল থেকে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান শুরু হয়। বিকেল ৫টার দিকে ভাটিয়ারী এলাকায় অবস্থিত ‘ভাটিয়ারী ফিলিং স্টেশন’-এ তেল মজুত থাকার ঘটনা উদ্ঘাটন করা হয়।
এ ঘটনায় তথ্য গোপন করে অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় বিভিন্ন ফিলিং স্টেশনের মজুত ট্যাংক খুলে যাচাই করা হয়। দেখা যায়, বেশিরভাগ পাম্পে তেল নেই। তবে কয়েকটি পাম্পে স্বল্প পরিমাণ তেল পাওয়া গেছে। সেগুলো গ্রাহক পর্যায়ে রেশনিং করে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম জানান, গ্রাহকদের কাছ থেকে তেল না পাওয়ার অভিযোগ পাওয়ার পরই এই অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া খুচরা বাজারে তেল বিক্রিও মনিটরিং করা হয়েছে। বাজারমূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন





