অতিবৃষ্টিতে সন্দ্বীপে কৃষিতে ক্ষতিগ্রস্ত ২১৪০ হেক্টর ফসল

সন্দ্বীপ প্রতিনিধি: টানা ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, চলতি মৌসুমে মোট ১১ হাজার ৯৩২ হেক্টর ফসলি জমি অতিবৃষ্টিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৫০ হেক্টর জমির ফসল আংশিক এবং ৪৯০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৪০ হেক্টর।

প্রতিবেদনে বলা হয়েছে, উপজেলার আউশ ধান, আমন ধানের বীজতলা এবং গ্রীষ্মকালীন শাকসবজি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আউশ ধানের মোট আবাদ ছিল ৮ হাজার ১৭০ হেক্টর। এর মধ্যে ৬০০ হেক্টর জমির ফসল আংশিক এবং ২৫০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৮৫০ হেক্টর, যা মোট আবাদি জমির ১০ দশমিক ৪০ শতাংশ। এতে উৎপাদন ক্ষতি হয়েছে প্রায় ২ হাজার ১২৫ মেট্রিক টন এবং আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৭ কোটি ৩৯ লাখ টাকা।

আমন ধানের বীজতলার মোট আবাদ ছিল ১ হাজার হেক্টর। এর মধ্যে ১০০ হেক্টর জমির ফসল আংশিক এবং ৪০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ১৪০ হেক্টর, যা মোট আবাদি জমির ১৪ শতাংশ। এতে উৎপাদন ক্ষতির পরিমাণ ২৯ মেট্রিক টন এবং আর্থিক ক্ষতি প্রায় ৯ লাখ ৮৬ হাজার টাকা।

অন্যদিকে, গ্রীষ্মকালীন শাকসবজির মোট আবাদ ছিল ৩ হাজার ৫৫২ হেক্টর। এর মধ্যে ৯৫০ হেক্টর জমির ফসল আংশিক এবং ২০০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ১ হাজার ১৫০ হেক্টর, যা মোট আবাদি জমির ৩২ দশমিক ৩৮ শতাংশ। এতে উৎপাদন ক্ষতি হয়েছে প্রায় ১০ হাজার ৩০০ মেট্রিক টন এবং আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ৮ লাখ টাকা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, সব মিলিয়ে অতিবৃষ্টিতে ফসলের মোট উৎপাদন ক্ষতি হয়েছে ১২ হাজার ৪৫৪ মেট্রিক টন এবং আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটি ৫৭ লাখ টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মারুফ হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকারি সহায়তা পেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top