চাটগাঁ নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৬ এর পরীক্ষা চালিয়েছে ভারত। আজ শুক্রবার (৮ মে) বিকেল ৫টার দিকে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। যদিও বিষয়টি নিয়ে ভারত সরকার এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা থেকে রহস্যময় এক আলোর ঝলক দেখতে পায় প্রত্যক্ষদর্শীরা। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের আকাশসীমায় ভারতের ব্যালিস্টিক মিসাইলটি প্রবেশ করেছে।
এর আগে দেশটি ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করেছিল। এ বিষয়ে তারা ‘নোটিশ টু এয়ারম্যান (নোটাম)’ জারি করেছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।
যেখানে বিধিনিষেধটি ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার অঞ্চলজুড়ে প্রযোজ্য হবে। সাধারণত এই দ্বীপ থেকে গুরুত্বপূর্ণ মিসাইলের পরীক্ষা চালায় নয়াদিল্লি।
আর এমন নোটিশ জারির পর ধারণা করা হচ্ছে, ভারত তাদের ১০ হাজার কিলোমিটার দূরত্বের অগ্নি-৬ আন্তঃদেশীয় মিসাইল পরীক্ষা চালিয়েছে। যেটি বাংলাদেশের আকাশসীমায় দেখা গেছে।
বাংলাদেশের বরিশাল, বরগুনা, শরিয়তপুর থেকে শুরু করে চট্টগ্রামের খাগড়াছড়ি, পটিয়া, সাতকানিয়া ও কক্সবাজার থেকেও আকাশে হঠাৎ রহস্যময় এক আলোর ঝলক দেখতে পায় প্রত্যক্ষদর্শীরা। এতে স্থানীয় মানুষদের মধ্যে যেমন ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে তেমনি দেখা দিয়েছে আতংক।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওসহ ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের মন্তব্য।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে এ আলোর ঝলক দেখা যায়।
আকাশে হঠাৎ ভেসে আসা ওই রহস্যময় আলোর ঝলক দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য লিখে পোস্ট করছেন অনেকেই। কেউ কেউ লিখছেন এটি মিসাইল সদৃশ কিছু হতে পারে। আবার অনেকে লিখেছেন- রকেট অথবা ভিন্ন কিছু হবে। তবে, প্রকৃত ঘটনা জানার জন্যই ফেসবুকে পোস্ট করছেন বেশিরভাগ মানুষ।

তবে, এই রহস্যময় আলোর ঝলকের বিষয়ে কোনো বাংলাদেশ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, এর আগে গত বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে অগ্নি-৬ পরীক্ষার আভাস দেয় কেন্দ্রের ক্ষমতসীন দল বিজেপি। দলটি জানায় ভারত আন্তঃমহাদেশীয় মিসাইলের যুগে পা দিয়েছে।
এ ব্যাপারে এক্সে তারা লিখেছে,“অগ্নি-৬: সুপারপাওয়ার হওয়ার পথে ভারত! ১০ হাজার কিলোমিটারেরও বেশি পাল্লা এবং এমআইআরভি প্রযুক্তিতে সজ্জিত অগ্নি-৬ ইতিহাস গড়তে প্রস্তুত। এই মিসাইল ভারতের নিরাপত্তাকে করবে দুর্ভেদ্য এবং আমাদের পৌঁছে দেবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর কাতারে। শক্তিশালী ভারত, নিরাপদ ভারত।”
চাটগাঁ নিউজ/জেএইচ






