আনোয়ারায় দুই মহিষকে অণ্ডকোষ কেটে হত্যা!

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক খামারীর দুটি মহিষের অণ্ডকোষ কেটে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর এলাকায় এ ঘটনা ঘটে।

সকালে মহিষের মালিক শফিউল আজম দুটি মহিষের এমন মৃত্যু দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। তিনি অভিযোগ করেন, ‘শত্রুতা করে আমাকে সর্বস্বান্ত করা হয়েছে।’

এ ব্যাপারে তার পুত্র নাজিম উদ্দীন (২৭) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ করেন। ক্ষতিগ্রস্ত শফিউল আজম বরুমচড়া ভরাচর এলাকার বাসিন্দা।

এ ঘটনার পর সেখানে উৎসুক লোকজন মৃত মহিষগুলোকে দেখছেন আর আফসোস করে বলছেন—‘এ কেমন শত্রুতা’!

স্থানীয়রা জানান, বরুমচড়া ইউনিয়নের ভরাচর এলাকার পংগির দ্বীপে স্থানীয় খামারীরা গরু ও মহিষ পালন করে। তাদের মধ্যে শফিউল আজমের ২০টি মহিষ ছিল। প্রতিদিনের মতো গত শনিবার সন্ধ্যায় দ্বীপ এলাকায় মহিষ গুলোকে রেখে শফিউল আজম বাড়ি চলে আসে। পরদিন রোববার সকাল ১০টার দিকে গিয়ে দুটি মহিষকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। এসময় মহিষের অণ্ডকোষ কেটে ফেলার দৃশ্যটিও দেখতে পান তিনি।

শফিউল আজম অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে মহিষ দুটিকে হত্যা করা হয়েছে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top