চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের ২ নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ার নামের বিপণিবিতানে পঞ্চম তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে এটি অসাবধানতাবশত দুর্ঘটনা, নাকি আত্মহত্যা এই নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
নিহত যুবকের নাম মোহাম্মদ মাইনুদ্দীন হাসান। বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায়। তবে তিনি চট্টগ্রাম শহরে থাকতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি ফিনলে স্কয়ারের পঞ্চম তলায় মোবাইল জোনে ঘোরাফেরা করছিলেন। রাতের দিকে বিপণিবিতান বন্ধ হওয়ার সময় অন্যরা বের হয়ে গেলেও তাকে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন কয়েকজন। পরে তিনি রেলিংয়ে হেলান দেওয়ার চেষ্টা করেছিলেন। একপর্যায়ে সেখান থেকে নিচে পড়ে যান।
তবে ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যেও কৌতূহল ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ধরনের অনুমান করা ঠিক হবে না। যুবকের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ফিনলে স্কয়ারের নিরাপত্তা তত্ত্বাবধায়ক প্রিয় দত্ত বলেন, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। পরে জানতে পারেন, ওই ব্যক্তি মোবাইল জোনের ফ্লোরে অবস্থান করছিলেন। কীভাবে তিনি নিচে পড়ে গেছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে দোকানিদের ভাষ্য অনুযায়ী, রেলিংয়ে হেলান দিতে গিয়ে তিনি পড়ে যেতে পারেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম আশেক জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
চাটগাঁ নিউজ/এসএ





