ঝড়ে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে আহত, ২০ দিন পর ছাত্রদল নেতার মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঝড়ে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া ছাত্রদল নেতা মুহাম্মদ সাইফুদ্দিন (২৬) টানা ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত সাইফুদ্দিন রাঙ্গুনিয়া উপজেলার ১ নম্বর রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হালিমপুর মাতব্বর বাড়ির বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে রাজানগরের হালিমপুর দরবারি বাড়ি এলাকায় একটি শক্তিশালী ঝড়ে একটি বড় গাছ স্থানীয় এক বাসিন্দার বসতঘরের ওপর ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করতে এলাকাবাসীর সঙ্গে সাইফুদ্দিনও স্বেচ্ছায় গাছ কাটা ও সরানোর কাজে অংশ নেন।

একপর্যায়ে অসাবধানতাবশত গাছের একটি ভারী অংশ তার মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা ২০ দিন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থার উন্নতি হয়নি। উন্নত চিকিৎসার জন্য গত রোববার (৫ জুলাই) তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

সাইফুদ্দিনের অকাল মৃত্যুতে রাজানগরসহ পুরো রাঙ্গুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। মানবিক ও পরোপকারী হিসেবে পরিচিত এই তরুণের মৃত্যুতে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

 

Scroll to Top