রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা, মাদক, অস্ত্র, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন মামলার আসামি এস. এম. শফিকুল ইসলাম ওরফে রাসেল (৪০) গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট এগারোটি মামলার তথ্য পাওয়া গেছে। এরমধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।
গ্রেফতার হওয়া রাসেল রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব খিল মোগল এলাকার নজুরপাড়ার (আসমত আলী তালুকদার বাড়ি) মৃত মো. বদরুজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ৫ জুলাই পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে ৬ জুলাই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় দায়ের হওয়া হত্যা মামলা (দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা), একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা এবং আনোয়ারা থানার একটি যৌতুক নিরোধ আইনের মামলাসহ মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
এছাড়া প্রাথমিক অনুসন্ধানে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে—পাঁচলাইশ মডেল থানায় ২০১৩ সালের অস্ত্র আইনের মামলা, ২০২২ সালের চুরি ও অনধিকার প্রবেশের মামলা, ২০২৩ সালের মারামারি ও হত্যাচেষ্টার মামলা, ২০২৪ সালের চুরি ও চোরাই মাল রাখার মামলা এবং ২০২৫ সালের ডাকাতির প্রস্তুতির মামলা। এছাড়া রাঙ্গামাটি সদর থানায় ২০২৪ সালের একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা এবং পাঁচলাইশ মডেল থানায় ২০২৩ সালের আরেকটি মাদক মামলাও রয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, অপরাধ দমন ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





