চট্টগ্রাম সফরে এসে ‘চাটগাঁইয়া মেজবানে’ মুগ্ধ ফরাসি রাষ্ট্রদূত

চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে চট্টগ্রাম সফরকালে এ অঞ্চলের ঐতিহ্যবাহী মেজবানী খাবারের স্বাদ নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি চট্টগ্রামের সমৃদ্ধ রন্ধন সংস্কৃতির প্রতি অনুরাগ প্রকাশ করেছেন।

আজ রবিবার (৫ জুলাই) ঢাকার ফ্রান্স দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে ফ্রান্সের রাষ্ট্রদূত চট্টগ্রামের বিখ্যাত মেজবানসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার ও জনপ্রিয় মিষ্টান্ন উপভোগ করেছেন। স্থানীয় সুস্বাদু খাবারের বৈচিত্র্য এবং চট্টগ্রামের মানুষের আন্তরিক আতিথেয়তা তাঁর সফরকে আরও স্মরণীয় করে তোলেছে বলে বার্তায় উল্লেখ করা হয়।

রাষ্ট্রদূত বলেন, ‘ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে অনেক মিল রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, উভয় দেশের মানুষের খাবারের প্রতি গভীর অনুরাগ এবং সমৃদ্ধ খাদ্যসংস্কৃতির ঐতিহ্য।’

তিনি চট্টগ্রামের খাদ্য ঐতিহ্যকে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২৯ জুন সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) আয়োজিত দুই সপ্তাহব্যাপী ‘ইন্ডাস্ট্রিয়াল সেফটি’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম সফর করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top