বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলায় অভিযান চালিয়ে একটি বন্দুক ও কার্তুজসহ জৌথান বম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।
আটক জৌথান বম থানচি সদর ইউনিয়নের পদ্দ মৌজার শেরকরপাড়া এলাকার বাসিন্দা। তিনি লাল ফিয়ান বমের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)-এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
তবে গোলাগুলির মধ্যে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের ধরতে আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রাখে নিরাপত্তা বাহিনী।
এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে শেরকরপাড়া এলাকা থেকে একটি বন্দুক ও কার্তুজসহ জৌথান বমকে আটক করা হয়। শনিবার তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন






