নতুন প্রজন্মকে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক : সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমাদের বাচ্চাদের ও নতুন প্রজন্মকে বিগত সময়ে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছে। সেই শিক্ষাটা কি ৫ আগস্ট হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়া?

শুক্রবার (৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, ইতিহাস তৈরি করা যায় না, ইতিহাস সৃষ্টি করা হয়। সেই ইতিহাস সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

মন্ত্রী বলেন, ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। দেশের অভ্যুদয়ের মধ্যে যে নামটি জড়িত সেটি হচ্ছে মেজর জিয়াউর রহমান। চট্টগ্রামে তিনি প্রথম বিদ্রোহ করেছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন মেজর হিসেবে। দেশমাতৃকার টানে সাহসিকতার সঙ্গে, যখন কোনো দিকনির্দেশনা পাচ্ছিলেন না, জাতি যখন হতাশাগ্রস্ত, তখন দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেন মেজর জিয়া। জনগণের ভোটাধিকার, সংসদীয় গণতন্ত্র, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্বাচনের পর জনগণের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ধর্মীয় নেতাদের প্রণোদনা, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়নমুখী বাজেট বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।

এর আগে মন্ত্রী জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ও বিশেষ মোনাজাতে অংশ নেন এবং গাছের চারা রোপণ করেন। পরে তিনি রাঙ্গুনিয়ায় এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে ৪৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণও করেন মন্ত্রী।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top