চাঁদা দিতে রাজি না হওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় চাঁদা দিতে রাজি না হওয়ায় মো. মামুন সিকদার নামে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। সোমবার উপজেলার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মামুন সিকদার (৫০) ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মামুন সিকদার আনোয়ারা খাল থেকে নৌকার (বোট) মাধ্যমে বালু এনে উপজেলার ছনহরা এলাকায় ব্যবসা করে আসছিলেন। সোমবার দুপুরে বালুভর্তি একটি বোট নিয়ে আসার সময় আশিয়া ইউনিয়ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. সোহেল তার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। মামুন সিকদার দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহেল ও তার সাঙ্গোপাঙ্গরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। মামুন সিকদারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, বিএনপি নেতাকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top