চাটগাঁ নিউজ ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে আগামী ২ জুলাই ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা হবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম।
মঙ্গলবার (৩০ জুন) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদে পর্যায়ক্রমে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার অংশ নেবেন।
এছাড়া জাতীয় সংসদের কয়েকজন সদস্যও ব্যক্তিগত উদ্যোগে ইরানে গিয়ে জানাজায় অংশ নিতে পারেন বলে জানা গেছে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে জানানো হয়েছে।
এদিকে, ইরানের কর্তৃপক্ষের আশা, জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের সমাগম হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






