কক্সবাজারে বাসের ধাক্কায় ঝরল তরুণ শিক্ষার্থীর প্রাণ

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন উপজেলা বাজার এলাকার সামনে বাসের ধাক্কায় ওবায়দুল হাসান শিহাদ (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে কক্সবাজার-ঈদগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাদ রামু সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি কক্সবাজার শহরের মনুরীপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। কয়েক মাস আগে বিয়ে করা এই তরুণের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিহাদ নিজের ভ্যানগাড়ি চালিয়ে উত্তর দিক্কুল কামারবাড়ি এলাকা থেকে আসছিলেন। পথে ‘কক্স ট্রাভেলস’ পরিবহনের একটি দ্রুতগতির বাস তার ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে সেটি আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে এবং চালককে হেফাজতে নেয়।

পরিবারের সদস্যরা জানান, পড়াশোনার পাশাপাশি শিহাদ পরিবারের ব্যবসার কাজেও নিয়মিত সহযোগিতা করতেন। বুধবার (১ জুলাই) সকাল ১০টায় জানারঘোনা কুতুবদিয়া পাড়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। তবে দুর্ঘটনায় জড়িত বাস ও এর চালক পুলিশের হেফাজতে রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top