স্পোর্টস ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। দেশটির জরুরি উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন। এ তথ্য জানিয়েছে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও।
প্রতিবেদন অনুযায়ী, নেইমারের দেওয়া এই অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে ব্যয় করা হবে। দুর্যোগ-পরবর্তী জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতেই এই অনুদান ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।
ভেনেজুয়েলার মানুষের দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করে নেইমার এক বার্তায় বলেন, “ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই ছোট্ট সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে।”
গত বুধবার ভেনেজুয়েলায় পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
জর্জ রদ্রিগেজের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জন। এছাড়া ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৩ হাজার ১৪২টি পরিবার।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে ভারী উদ্ধারযন্ত্রের সংকট এবং একের পর এক আফটারশকের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ফলে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে মাঠে ফেরার পথেও ইতিবাচক অগ্রগতি হচ্ছে নেইমারের। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, চোট কাটিয়ে তারকা ফরোয়ার্ডের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। আনচেলত্তির আশা, জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে নেইমার আগের চেয়ে বেশি সময় মাঠে খেলার মতো ফিটনেস ফিরে পেয়েছেন। তথ্যসূত্র: এনডিটিভি
চাটগাঁ নিউজ/এমকেএন






