চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আলোচিত ও দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে লেগেছে পরিবর্তনের হাওয়া। যাতায়াত সুবিধার্থে সেখানে সড়ক নির্মাণকাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অপরাধপ্রবণ এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রশাসনিক নজরদারি জোরদারের লক্ষ্যে প্রাথমিকভাবে চারটি সড়ক নির্মাণের এই উদ্যোগ নেওয়া হয়।
আজ সোমবার (৮ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ ২৬ ইসিবি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করে।
কাজের উদ্বোধন শেষে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকার পাহাড়ি অঞ্চলে নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেন ২৬ ইসিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ, পিএসসি। পরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি সড়কগুলোর রূপরেখা তুলে ধরেন।
লেফটেন্যান্ট কর্নেল কামরুল আল মাসুদ জানান, প্রথম দফায় ছিন্নমূল এলাকা থেকে আলীনগর উচ্চবিদ্যালয় পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হবে। এ ছাড়া আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং আলীনগর থেকে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির (বিএমএ) পাশ দিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক সংযোগকারী আরও দুটি সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জঙ্গল সলিমপুরের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য আরও একটি সড়ক তৈরি করা হবে।
বাজেটের বিষয়ে তিনি বলেন, এ প্রকল্পের জন্য এখনও কোনো নির্দিষ্ট বাজেট অনুমোদন হয়নি। তবে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে। দুর্গম ও পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণে সেনাবাহিনীর দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দ্রুত কাজ এগিয়ে নিচ্ছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে অবৈধ দখলদার ও অপরাধীদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত। নব্বইয়ের দশকে আলী আক্কাস নামের এক ব্যক্তি সরকারি খাসজমি দখল করে এখানে বসতি স্থাপন করেন। পরবর্তীতে ‘ছিন্নমূল পুনর্বাসন’ প্রকল্পের নামে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্লট বিক্রি করে গড়ে তোলা হয় বিশাল অবৈধ সাম্রাজ্য।
সম্প্রতি এলাকাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। গত ১৯ জানুয়ারি অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব-৭-এর ডিএডি নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া। এর জেরে গত ৯ মার্চ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের প্রায় চার হাজার সদস্যের সমন্বয়ে যৌথবাহিনী সেখানে সাঁড়াশি অভিযান চালায় এবং স্থায়ী ক্যাম্প স্থাপন করে।
কিন্তু এরপরেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। গত ২৪ মে গভীর রাতে যৌথবাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা গুলিতে তারা পিছু হটলেও যাওয়ার আগে একটি নির্মাণাধীন নিরাপত্তা ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় এবং রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সেনাবাহিনী কর্তৃক এই সড়কগুলো নির্মাণ সম্পন্ন হলে জঙ্গল সলিমপুরে স্থায়ীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেমন উন্নতি হবে, তেমনি দুর্গম এই অঞ্চলের সাধারণ মানুষের যাতায়াত ও প্রশাসনিক তৎপরতা অনেকটাই সহজ হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






