সীতাকুণ্ডে নাশকতার অভিযোগে ৭২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনসাধারণের ক্ষতিসাধন, জনমনে ভীতি সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় মোট ৭২ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ৩৭ জনের নাম উল্লেখ রয়েছে এবং ৩৫ জন অজ্ঞাত।

শনিবার (৬ জুন) দিবাগত রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ধনতোষ চাকমা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকার ডিসি পার্ক সংলগ্ন বন্দরগামী সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আকস্মিকভাবে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংঘবদ্ধভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে তৎপরতা চালান বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কার্তুজের খোসা এবং বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে বলে জানায়।

পরবর্তীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— সৈয়দ আশরাফ, সাইফুদ্দিন শিকদার পারভেজ এবং আশরাফুল ইসলাম।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top