চাটগাঁ নিউজ ডেস্ক : মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে মঙ্গলবার (২৬ মে) থেমে থেমে বৃষ্টি হয়েছে। সকালে বৃষ্টির পর নগরীর কাপাসগোলা, বাদুরতলা, কাতালগঞ্জসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে বৃষ্টি থামার পর অনেক জায়গায় পানি নেমে যায় বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর আমবাগান আবহাওয়া অফিসের তথ্যমতে, সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
নগরীর জলাবদ্ধতা নিরসনে বর্তমানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পৃথক চারটি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ২৫৭ কোটি টাকা।
এদিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল গ্রামে বজ্রপাতে মাওলানা আব্দুল্লাহ (৪২) নামে এক ব্যক্তি মারা গেছেন।
সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ওই এলাকার ফজল আহমদের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





