বাঁশবাড়িয়ায় শিক্ষার্থী আহতের ঘটনায় মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন স্কুল শিক্ষার্থী ও স্থানীয়রা।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী স্কুল ছুটি শেষে মহাসড়কের পাশে হাঁটার সময় একটি মিনি কাভারভ্যানের ধাক্কায় আহত হন।

এ ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়কে বাঁশ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে প্রায় এক ঘণ্টা ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়কের পাশ দখল করে কিছু ব্যক্তি অবৈধভাবে বাঁশ ও গাছের ব্যবসা পরিচালনা করে আসছে। ফলে ফুটপাত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে পথচারী ও শিক্ষার্থীরা মহাসড়ক দিয়ে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, ফুটপাত দখলমুক্ত করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি।

অবরোধের কারণে মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, এতে হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন।

পরবর্তীতে সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তাঁর আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হক বলেন, একটি মিনি কাভারভ্যানের ধাক্কায় দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বাঁশ ফেলে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top