চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর শতবর্ষী ঐতিহ্যবাহী সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান কে সি দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব)-এর ২০২৬ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামের সাবেক জেলা নাজির ও চন্দনাইশ উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ জামাল উদ্দিন।
গত ২ মে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। পরে ৭ মে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের বৈঠকে নির্বাহী সদস্যদের সমর্থনে তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া সহ-সভাপতি হয়েছেন স্বদেশ শর্মা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— জয় শংকর সেন (যুগ্ম সাধারণ সম্পাদক), সৈয়দ মো. এরশাদ আলম (সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ আলী (সংস্কৃতি ও বিনোদন সম্পাদক), রিয়াজ উদ্দিন আহমেদ (তথ্য সম্পাদক), নীলন বড়ুয়া (ক্রীড়া সম্পাদক), মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী (দপ্তর ও প্রচার সম্পাদক) এবং মো. আমির হোসেন (সাহিত্য ও পাঠাগার সম্পাদক)।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আবুল হাশিম, মো. কামাল হোসেন, মো. খোরশেদ আলম ও মো. আক্তার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র ও জুনিয়র সদস্যবৃন্দ, সাবেক নির্বাহী কমিটির সদস্য এবং নির্বাচন কমিশনের সদস্যরা।
জানা গেছে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, পেশাগত সততা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
১৯৭৬ সালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ জামাল উদ্দিন। চাকরিজীবনের পাশাপাশি তিনি নিজেকে একজন নিবেদিত সমাজকর্মী হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। সহকর্মীদের কাছে তিনি সৎ, বিনয়ী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত।
কে সি দে ইনস্টিটিউটের সঙ্গে তার সম্পৃক্ততা দীর্ঘদিনের। এর আগে তিনি প্রতিষ্ঠানটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দি চিটাগাং কো-অপারেটিভ অফিসার্স সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি চট্টগ্রামস্থ চন্দনাইশ সমিতির সহসভাপতির দায়িত্বেও রয়েছেন। প্রশাসনিক ও সামাজিক বিভিন্ন সংগঠনে তার সক্রিয় অংশগ্রহণ তাকে সুপরিচিত ব্যক্তিত্বে পরিণত করেছে।
তার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে কেসিদে ইনস্টিটিউট আরও আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।
উল্লেখ্য, কে সি দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের মিনিস্টেরিয়াল অফিসারদের সমন্বয়ে গঠিত একটি ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান। ১৯১৩ সালে তৎকালীন প্রথম ভারতীয় বংশোদ্ভূত বাঙালি বিভাগীয় কমিশনার স্বর্গীয় কে. সি. দে এই ক্লাব প্রতিষ্ঠা করেন। শতবর্ষ পেরিয়ে আজও প্রতিষ্ঠানটি প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, সংস্কৃতি ও কল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






