চাটগাঁ নিউজ ডেস্ক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার (৩ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সিদ্ধান্ত ঘোষণা করে। নতুন এ মূল্য সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে গত মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়। গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৯৪০ টাকা।
এদিকে, মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম সামান্য বাড়ানো হয়েছে। মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫২ পয়সা, যা আগের চেয়ে ২ পয়সা বেশি।
গত এপ্রিল মাসেও দুই দফায় অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়। ২ এপ্রিল দাম বাড়িয়ে প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা করা হয়। পরে ১৯ এপ্রিল আরও ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে তা ৮৯ টাকা ৫০ পয়সায় নির্ধারণ করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন






