আনোয়ারায় রান্নাঘরের গরম পানিতে দগ্ধ শিশুর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় ঘরের রান্নার চুলায় বসানো গরম পানিতে ঝলসে গিয়ে ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় হামিম বিন হোসেন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) ভোররাত ৩টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হামিম আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালিপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের একমাত্র ছেলে। সম্প্রতি তারা বারশত ইউনিয়নের কবিরের দোকান এলাকায় বসবাস করছিলেন। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে হামিম ছিল সবার ছোট।

শিশু হামিমের মামাতো ভাই মো. কুতুব উদ্দিন জানান, গত ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে রান্নাঘরের চুলায় বসানো গরম পানি অসাবধানতাবশত তার শরীরে পড়ে যায়। এতে সে গুরুতর দগ্ধ হয়। পরিবারের সদস্যরা তাকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে শিশুটির বাবা মোহাম্মদ হোসেন পরদিনই সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। বর্তমানে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের পথে রয়েছেন।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top