ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহরণের শিকার এক যুবককে দ্রুত উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১ মে) বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে ঈদগাঁও বাজার-এর পুরাতন ছাগল বাজার এলাকা থেকে মোহাম্মদ হাসান (২৮) নামের এক যুবককে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে অপহরণকারীরা ঈদগড় এলাকার দিকে নিয়ে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে ঈদগাঁও থানা পুলিশ। একই দিন দুপুর আনুমানিক দেড়টার দিকে পালপাড়া এলাকা থেকে অপহৃত হাসানকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণের সঙ্গে জড়িত মোরশেদ আলম (২৬), আবুল বাশার (৫০) ও নুরুল হাকিম (৩২)-কে গ্রেফতার করা হয়। পাশাপাশি অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ভিকটিম মোহাম্মদ হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন






