রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরের মহিলা কলেজ এলাকায় ৭ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কিশোর আব্দুর রহমান মুন্নাকে গ্রেফতার করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।
ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার আগেই শহরের পুরাতন বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কোতয়ালী থানা পুলিশ। অভিযুক্ত কিশোর মহিলা কলেজ এলাকার পেয়ার আহাম্মদের সন্তান।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসি জসিম উদ্দিন বলেন, ঘটনার পর থেকেই উক্ত অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একাধিক টিমকে মাঠে নামিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার রকিব উদ্দিন স্যার। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে এসপির নির্দেশনায় শুক্রবার বিকেল ৪ টার দিকে আমরা শহরের পুরানবস্তি এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক ব্যক্তির বাসা থেকে তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় মামলার কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় মহিলা কলেজ এলাকায় নিজ ঘরের সামনে অবস্থানকালে ৭ বছর বয়সী চাচাতো বোনকে জোরপূর্বক তুলে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে আব্দুর রহমান মুন্না। পরবর্তীতে মুন্না যৌন নির্যাতনে উক্ত শিশুটির রক্তক্ষরণ হতে থাকলে শিশুটির বড় বোন বিষয়টি লক্ষ্য করে তাকে জিজ্ঞাসা করলে সে ধর্ষণের বিষয়টি জানায় এবং অসুস্থ হয়ে পড়ে।
পরে দ্রুত তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরেও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চাটগাঁ নিউজ/আলমগীর/জেএইচ





