রাঙ্গামাটিতে চাচাত ভাইয়ের যৌন লালসার শিকার ৭ বছরের শিশু

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন চাচাত ভাইয়ের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী ওই শিশুকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাঙ্গামাটি শহরের একটি এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক বখাটে মুন্না পলাতক রয়েছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শিশুটি নিজ বাসার সামনে খেলা করছিল। এসময় তার চাচাত ভাই মুন্না তাকে জোরপূর্বক তুলে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি নিজের ঘরে ফিরে গেলে তার বড় বোন শরীরে রক্ত দেখে আতঙ্কিত হয়ে পড়েন। বোনকে সব কথা খুলে বলার পর স্বজনরা তাৎক্ষণিক তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এদিকে এই ঘটনার পরপরই রাঙামাটির সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ভিকটিমকে দেখতে হাসপাতালে ছুটে যান। তার সাথে কথা বলে ঘটনার বিস্তারিত জেনে নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, শিশুটিকে হাসপাতালে আনার পরপরই জরুরি চিকিৎসা শুরু করা হয়। তবে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ঘটনার পরপরই অভিযুক্ত মুন্না পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারটি বর্তমানে শিশুটির চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় এখনও কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের হয়নি। তবে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য পুলিশ সব ধরনের সহযোগিতা প্রদান করছে।

চাটগাঁ নিউজ/আলমগীর/জেএইচ

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top