‎আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চবি ছাত্রদল নেতার জার্সি উপহার

চাটগাঁ নিউজ ডেস্ক: ‎চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ১০ মে (রোববার) থেকে শুরু হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট – ২০২৬। এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে চবি ফুটবল দলের মাঝে। প্রস্তুতির মাঝেই বাড়তি আনন্দ যোগ করেছে চবি ছাত্রদল নেতার দেওয়া জার্সি ও প্রাকটিস কিট। যা পেয়ে উল্লাস প্রকাশ করেছেন খেলোয়াড়রা।

জানা গেছে, চবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন ব্যক্তিগত উদ্যোগে এইসব জার্সি-প্রাকটিস কিট প্রায় ৩৫ জন ফুটবলারদের মাঝে উপহার হিসেবে বিতরণ করেন।

‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তিনি খেলোয়াড়দের মাঝে এসব জার্সি ও প্র্যাকটিস কিটস বিতরণ করেন।

‎এসময় খেলোয়াড়দের মাঝে যেমন নতুন উদ্যম সৃষ্টি হয়েছে তেমনি আসন্ন টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স উপহার দেয়ারও আশাবাদ ব্যক্ত করেছেন খেলোয়াড়রা।

‎এদিকে খেলাধুলার উন্নয়ন ও খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

‎চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অধিনায়ক প্রেনচ্যুং ম্রো বলেন, আমাদের টিমের জার্সি স্পন্সর করার জন্য শাফায়াত ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের পাশে থাকার জন্য সত্যিই আমরা আনন্দিত। আশা করছি ভবিষ্যতেও এভাবে তিনি খেলোয়াড়দের পাশে থাকবেন।

‎এ বিষয়ে মো. শাফায়াত হোসেন বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবার আমাদের বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। যা আমাদের জন্য গর্বের। আমি বিশ্বাস করি, সঠিক প্রস্তুতি ও দলগত প্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দল ভালো ফলাফল অর্জন করবে। খেলোয়াড়দের উৎসাহিত করতেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়নে আমরা পাশে থাকবো, ইনশাআল্লাহ।

‎চবি ফুটবল দলের ক্যাম্পেইনারকে প্র্যাকটিস কিট সামগ্রী উপহার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হাবিবুর রহমান জালাল ও সহকারী পরিচালক মোহাম্মদ শোয়াইবসহ আরো অনেকে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top