টেকনাফে মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী নিহত এবং পথচারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের রাজার ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোক্তার হোসেন (৪৮)। তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী (শামলাপুর) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত জাফর আহমদ।

আহতদের মধ্যে হোসেন আহমদ (২৮) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উখিয়া উপজেলার মনখালী এলাকার বাসিন্দা। অন্য আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাহারছড়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল রাজার ছড়া এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী সামনে চলে আসেন। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মোক্তার হোসেন মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহীসহ ওই পথচারী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি সড়ক পারাপারের সময় এক কিশোরকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top